সীমান্তের ওপারে নিহত তসিকুলের মরদেহ দিল ভারত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে নদী থেকে উদ্ধার বাংলাদেশি যুবক তসিকুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারত। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে মরদেহটি ফেরত দেওয়া হয়।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে শুক্রবার রাতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তসিকুলের মরদেহ হস্তান্তর করে। বাংলাদেশি পুলিশের পক্ষে সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। রাতেই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। নিহত তসিকুল জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার সন্ধ্যায় তসিকুল ইসলামের পিতা ইব্রাহিম আলী বিজিবি ক্যাম্পে এসে জানান, তার ছেলে তসিকুল ইসলাম ভারতে গিয়ে নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জোহরপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিএসএফ ভারতের ভাগিরথী নদীতে মরদেহ পাওয়ার কথা স্বীকার করে। সেটি থানা পুলিশের হেফাজতে মর্গে রাখা রয়েছে। ওই মরদেহটি বাংলাদেশি যুবকের কি না তা নিশ্চিত হওয়ার জন্য ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র বিএসএফকে দেওয়া হয়। তারা বিষয়টি যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে তসিকুল ইসলামের মরদেহ ফেরত দেয়। তবে সেখানে কার গুলিতে মৃত্যু হয়েছে তসিকুলের তা নিশ্চিত হওয়া যায়নি।