সুদমুক্ত আবাসন ঋণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ডসহ সরকারের কাছে ১০ দফা দাবি জানিয়েছে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত জাতীয় সেমিনারে এই দাবি তোলা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি আবু তাহের আল মাদানী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী।
সেমিনারে তুলে ধরা দাবির মধ্যে রয়েছে জাতীয় মানসম্মত বেতনকাঠামো ও সমতা নিশ্চিতকরণ। সুদমুক্ত আবাসন ঋণ (হাউজিং সাপোর্ট)। ইমাম-খতিবদের আবাসন সকেট সমাধানে ওয়াকফ ফান্ড বা সরকারি সহযোগিতায় সুদমুক্ত গৃহঋণ চালু করা ও মসজিদের ইউটিলিটি বিল কমানো। বিদ্যুৎ-পানি-গ্যাস বিলের ক্ষেত্রে ‘ধর্মীয় স্থাপনা’ ক্যাটাগরি যুক্ত করে বিল কমানোর ব্যবস্থা করা। বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড প্রদান করা। ইমাম-খতিব পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করা। শিক্ষা-স্বাস্থ্য-সামাজিক নিরাপত্তাসহ সব রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ইমাম, খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে ‘প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি’ হিসেবে ঘোষণা করা। ইমাম-খতিবদের যোগ্যতা, অবস্থান ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে একটি একীভূত ডিজিটাল জাতীয় ডেটাবেজ তৈরি করা। ধর্মীয় দায়িত্ব পালনের সময় ইমাম ও খতিবদের ওপর হুমকি, লাঞ্ছনা এবং সহিংসতা রোধে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করা। ইসলামিক গবেষণা, ফতোয়া প্রণয়ন, সামাজিক পুনর্বাসন, দাম্পত্যবিরোধ সমাধান ও সমাজ শান্তি রক্ষার জন্য একটি কেন্দ্রীয় জাতীয় শূরা বোর্ড গঠন করা। প্রতিবছর নির্দিষ্টসংখ্যক দরিদ্র, প্রবীণ ও অসচ্ছল ইমাম-খতিবদের সরকারি তত্ত্বাবধানে বিনামূল্যে হজ পালনের সুযোগ দেওয়া। ধর্মীয় বক্তব্য বা সমাজকল্যাণমূলক কার্যক্রমের কারণে ইমাম-খতিবদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক আচরণ রোধে বিশেষ আইনি সুরক্ষা আইন প্রণয়ন করা।