ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রায়পুরে অবস্থিত নলিনী রঞ্জন পৌর মহাশ্মশানে শনিবার (১৩ ডিসেম্বর) ১২তম বার্ষিকী শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এ পূজা সম্পন্ন হয়। শনিবার রাত সাড়ে ১২টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
পূজা উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা ১৬ মিনিটে শ্রী শ্রী শিব পূজা অনুষ্ঠিত হয় এবং পূজা শেষে আগত ভক্তদের জন্য শিব ঠাকুরের মাথায় জল ঢালার আয়োজন করা হয়। দুপুর ১টা ১২ মিনিটে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর ও জগৎমাতা শান্তি দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টা ১ মিনিটে শ্মশানে দাহিত সকল আত্মার শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা করা হয়। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্যামা সংগীত ও দেহতত্ত্ব গান পরিবেশন করা হয়। রাত ৭টা ৪৩ মিনিটে শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয় এবং পূজা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাত ১২টা ৩৩ মিনিটে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়।
পূজা উপলক্ষে শ্মশান প্রাঙ্গণ বর্ণাঢ্য আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সকাল থেকেই পুণ্যার্থী ও ভক্তরা দলে দলে শ্মশানের অস্থায়ী মন্দিরে ভিড় করেন। দিনভর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে শ্মশান প্রাঙ্গণে একটি মেলাও বসে।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ১ মিনিটে শুভ অধিবাস কীর্তন ও তুলসী বন্দনা, বিকাল ৩টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবতীয় আলোচনা এবং বিকাল ৫টা ৩০ মিনিটে পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়।
নলিনী রঞ্জন পৌর মহাশ্মশানের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা জানান, এক যুগ ধরে শ্মশানে দক্ষিণা কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে প্রতি বছরই মন্দিরে পুণ্যার্থী ও ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। পূজা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।