উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওগামী একটি ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। বিমানটি পরে নিরাপদভাবে জরুরি অবতরণ করেছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় বিমান প্রশাসন এ তথ্য জানিয়েছে। বিমানে ২৭৫ যাত্রী এবং ১৫ জন ক্রু ছিলেন। মুখপাত্ররা জানান, কেউ আহত হয়নি।

বিমানবন্দরের পাশের রানওয়েতে সাদা ধোঁয়া ওঠার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডুলস বিমানবন্দর ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের রাজধানীর সবচেয়ে কাছের প্রধান বিমানবন্দর হিসেবে পরিচিত।

ঘটনায় ব্যবহৃত বিমানটি বোয়িং ৭৭৭-২০০ মডেলের এবং ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৮০৩ হিসেবে উড়ছিল। কেন্দ্রীয় বিমান প্রশাসন ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে যাওয়ায় আগুন ধরে যায় এবং রানওয়ের পাশের ঘাসে ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট এ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের তাদের মূল গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য একটি বিমান ব্যবহার করা হবে।