নেত্রকোনা সীমান্তে বিজিবির ১০ চেকপোস্ট স্থাপন 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় নেত্রকোনার সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। স্থাপন করা হয়েছে ১০টি চেকপোস্ট। 

জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর এবং কলমাকান্দায় চেকপোস্ট বসিয়ে টহল জোরদার করা হয়। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তে যে কোন প্রকার পারাপার বন্ধ করতে নিশ্ছিদ্র টহল তৎপরতা জোরদার করা হয়েছে।  

টহল জোরদারের কারণ উল্লেখ করে তিনি জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী আততায়ী, যাতে সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য গতকাল রাত ১২টা হতে সীমান্তের সকল এন্ট্রি পয়েন্টে বিজিবি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে সীমান্তে সকল চলাচল বন্ধে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী, চালক এবং সীমান্তে বসবাসকারী জনগণকে সম্পৃক্ত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়ছে।