র্যাব-১৪, ময়মনসিংহ-এর সিপিএসসি ইউনিটের অভিযানে একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজার এলাকার খেজুরতলা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির চালকসহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ব্যাগে থাকা মালামালের বিষয়ে ইতস্তত করে এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে এবং তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে বলে জানায়।
পরবর্তীতে গাড়ি ও দেহ তল্লাশি করে ৩টি চাপাতি, ১টি লোহার ছুরি, ১টি হাতুড়িসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার আব্দুল হালিম (৫০), জাকির হোসেন (২১), জালাল উদ্দিন (৫০), মো. আলম মিয়া (৪০), মো. আল আমিন (৩০) এবং বগুড়া জেলার সোনাতলা উপজেলার মো. শফিকুল ইসলাম (২৭)।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।