কান্ট্রি পোস্টাল ভোট

সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি)-এর মাধ্যমে ভোট দিতে চাইলে নির্ধারিত তিন শ্রেণির ভোটারকে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি (https://portal.ocv.gov.bd/)’ অ্যাপে নিবন্ধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারদের আইসিপিভির মাধ্যমে ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নিবন্ধন করা যাবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।’

সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ ও তাদের আওতাধীন সংস্থা, অধিদপ্তর ও পরিদপ্তরকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের শনাক্ত করা হবে iBAS++ সিস্টেমের মাধ্যমে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে, তাই এই সময় বাদে অন্য সময়ে নিবন্ধন করতে হবে।

এদিকে, রবিবার দুপুর ১২টা পর্যন্ত আইসিপিভির মাধ্যমে ১১ হাজার ১৯৮ জন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন বলে ইসি সূত্রে জানা গেছে।