নেত্রকোনার কাইলাটি ইউনিয়নের বড় কাইলাটি গ্রামে রবিবার (১৪ ডিসেম্বর) একই গ্রামে, একই সময়ে তিন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক খামারের ২৯টি ছাগল পুড়ে মারা গেছে।
খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত স্পষ্ট জানা যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, একই রাতে মুখে মাস্ক পড়ে সড়কে একটি মশাল মিছিলও বের হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মিছিলে অংশগ্রহণকারীদের হাতে মশাল ছিল। মিছিলের পাশাপাশি ব্রাদার্স খামার, মিল্লাতের বাড়ি এবং একটি বনের ঘরে আগুন লেগেছে।
খামারের মালিক মো. শাহ রফিকুর রহমান এপোলো জানান, প্রথমে একটি খড়ের গাদায় আগুন লেগেছে। এরপর চালাঘর এবং খামারেও আগুন ছড়ায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ৩০টি ছাগলের মধ্যে ২৯টি মারা গেছে। অন্য বাড়ির হাঁস-মুরগিও পুড়ে গেছে। তিনি দাবি করেন, এই আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খানে আলম খান বলেন, তিনটি ঘর পুড়েছে। একটি বনের চালাঘর ও একটি টিনশেড। প্রাথমিকভাবে ৬-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিক ধারণা, বিড়ির অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কাইলাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজমুল হক বলেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। তিন স্থানে একই সময়ে আগুন লাগা সাধারণ ঘটনা নয়। তিনি নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত চম্পক দাম বলেন, একটি মিছিল হয়েছে তবে তা ভদ্রপাড়া গ্রামে। কাইলাটিতে মিছিলের কোনো তথ্য পাইনি। তবে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।