স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে আলাভেসের বিপক্ষে খেলতে প্রস্তুত রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দলের প্রধান কোচ জাবি আলোনসো নিশ্চিত করেছেন, চোট কাটিয়ে এমবাপ্পে পুরোপুরি ফিট এবং রবিবার রাতের ম্যাচে নামার মতো অবস্থায় আছেন।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–১ গোলে হারের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি এমবাপ্পে। ওই হারের পর থেকেই রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়। সাম্প্রতিক পাঁচটি লা লিগা ম্যাচে মাত্র এক জয় এবং ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে সমর্থকদের দুয়ো- সব মিলিয়ে চাপ বেড়েছে কোচিং স্টাফের ওপর।
বর্তমানে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। তার আগে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘এমবাপ্পে খেলতে প্রস্তুত। তাকে আবার দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর। চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে।’
আলাভেস সফরের জন্য ঘোষিত ম্যাচডে স্কোয়াডে এমবাপ্পের সঙ্গে ফিরেছেন ডিফেন্ডার ডিন হুইজেন। তবে চোট ও নিষেধাজ্ঞার কারণে দলে নেই বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়। ইনজুরিতে বাইরে আছেন এদের মিলিতাও, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। পাশাপাশি আগের ম্যাচে লাল কার্ড দেখায় নিষিদ্ধ হয়েছেন আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া।
সব সীমাবদ্ধতার মধ্যেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আলোনসো। তিনি বলেন, ‘কিছু খেলোয়াড় অনুপস্থিতি থাকা সত্ত্বেও আমাদের শক্তি রয়েছে। এমন একাদশ নামাতে পারব, যারা মাঠে নিজেদের সবটা উজাড় করে দেবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।’
নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে আলোনসো বলেন, ‘আমি বহু বছর ধরে ফুটবলে আছি। এ ধরনের আলোচনা নতুন কিছু নয়। দায়িত্ব নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য, যাতে পরিস্থিতি ঘুরিয়ে আনা যায়।’ সম্ভাব্য ভবিষ্যৎ কোচ হিসেবে আলোচনায় থাকা রিজার্ভ দলের কোচ আলভারো আরবেলোয়া–কে প্রশংসা করে আলোনসো বলেন, ‘ভবিষ্যতে আরবেলোয়া রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন। তিনি ভালো কাজ করছেন।’