মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে আকাশে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে ৫৪ জন সাহসী প্যারাট্রুপার। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়ে এই ইতিহাস গড়বেন তারা। এই ঐতিহাসিক ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, এই ৫৪ জনের দলে থাকা আশিক চৌধুরী তাঁর জাম্পটি একটি বিশেষ আবেগের জায়গা থেকে উৎসর্গ করছেন। তিনি গুলিবিদ্ধ হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরিধান করে এই প্যারাসুট জাম্পে অংশ নেবেন।
ফেসবুক পেইজের এই বার্তায় বিজয়ের আনন্দঘন মুহূর্তে হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপারের এই বিশেষ মহড়া ও রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজনটি উন্মুক্ত থাকবে।