আড়াই বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন এক মা ও তার শিশু সন্তান। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে মা-ছেলেকে হস্তান্তর করে।
ফেরত আসা মা-ছেলে হলেন, খুলনা জেলার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) এবং তার শিশু সন্তান মিসাইল খলিল শেখ (৩)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন জানান, তিন বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার পর সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ মা-ছেলেকে আটক করে।
পরে দেশটির আদালত তাদের আড়াই বছরের কারাদণ্ড দেন। সাজা শেষে মুম্বাইয়ের একটি সেফ হোমে তাদের রাখা হয়। পরবর্তীতে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার তারা দেশে ফেরেন।
তিনি আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মা-ছেলেকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নেয়। সংস্থাটি রবিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
ফেরত আসা রুমা বেগম জানান, ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের আঁধারে তিনি ও তার সন্তান অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে মুম্বাই পুলিশ তাদের আটক করে। আড়াই বছর কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। ভারতে থাকাকালীন তিনি হস্তশিল্পের কাজ করতেন বলে জানান।