সিনিয়র পর্যায়ের ক্রিকেটের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে হ্যান্ডশেক না করার নীতিতে অটল থাকল ভারত। আজ রবিবার দুবাইয়ে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ম্যাচটির আগে নাকি পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে ভারতকে অনুরোধ করেছিল আইইসিসি। কিন্তু ভারত তাদের অবস্থান বদলায়নি।
সিনিয়রদের এশিয়া কাপ থেকেই দুই দলের হাত না মেলানোর প্রচলন হয়েছিল। এবার যুব এশিয়া কাপে গ্রুপ ‘এ’-এর ম্যাচে টসের পর পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে করমর্দন করেননি ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মহাত্রে। অতীতেও সিনিয়র এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ ও রাইজিং স্টারস এশিয়া কাপ টি-টোয়েন্টিতে একই নীতি অনুসরণ করেছে ভারত।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি চেয়েছিল অনূর্ধ্ব-১৯ পর্যায়ে রাজনীতিকে দূরে রাখতে। এজন্যই তার করমর্দনের অনুরোধ করেছিল। তবে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দলের ম্যানেজার আনন্দ দাতারকে করমর্দন না করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। সূত্রটি আরও জানায়, ‘আইসিসি চায় না জুনিয়র ক্রিকেটে রাজনীতি প্রাধান্য পাক। তবে জনমত ও ভাবমূর্তির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।’
কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে সিনিয়রদের এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে তিনটি ম্যাচে মুখোমুখি হলেও হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। বরং দুই দলের ক্রিকেটারাই মাঠে রাজনৈতিক ইঙ্গিত করে আইসিসির শাস্তি পান। তিনটি ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। তবে করমর্দন না করার ক্ষোভ থেকে এখন পর্যন্ত ভারতকে এশিয়া কাপের শিরোপা দেয়নি পিসিবি প্রধান মহসিন নাকভির নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।