হয়রানিমুক্ত পাসপোর্ট সরবরাহ ও দালালমুক্ত মেডিকেল সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রবাসী শ্রমিকরা। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমরা সচেতন রেমিট্যান্সযোদ্ধা’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা। এ সময় স্বল্পসুদে ঋণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ, টিকিট মূল্য নিয়ন্ত্রণ, পেনশন সুবিধা, বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণসহ ১৯ দফা দাবি তুলে ধরা হয়।
বক্তারা অভিযোগ করেছেন, প্রবাসী শ্রমিকদের সমস্যাগুলো নিয়ে সরকারের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার পেলেও প্রবাসীদের কল্যাণে সরকারের দৃশ্যমান ভূমিকা নেই। সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেন, জুলাই আন্দোলনে রেমিট্যান্সযোদ্ধাদের অবদান ছিল সবচেয়ে বেশি। জুলাই আন্দোলনের পর বিদেশে গিয়ে কিছু অপরাধী প্রবাসীদের অপহরণ, চাঁদাবাজি ও হত্যার সঙ্গে জড়িত হচ্ছে। এসব বিষয় সরকারকে জানালেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী শ্রমিক কাউছার হোসেন, ইলিয়াস হোসাইন, ফখরুল ইসলাম, আল মামুন, জাহাঙ্গীর সরকার প্রমুখ।