মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র-সমর্থিত আব্রাহাম চুক্তিতে যোগ দিয়েছে কাজাখস্থান। শুক্রবার (১২ ডিসেম্বর) এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি ও আস্থাবিষয়ক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কাজাখস্থানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তোকায়েভ বলেন, আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতায় গঠনমূলক ভূমিকা রাখার ইচ্ছাই কাজাখস্থানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের সমাধানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন অপরিহার্য।
১৯৯২ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা কাজাখস্থান গত নভেম্বর মাসে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর আগে বাহরাইন, মরক্কো, সুদান ও সংযুক্ত আরব আমিরাত এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়।