ওসমান হাদিকে বিদেশ নিতে জরুরি বৈঠকে মেডিকেল বোর্ড

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় জরুরি বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড।

রোগীর সার্বিক চিকিৎসা পরিকল্পনা ও বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে।

ডা. আহাদ বলেন, বিদেশে নেওয়াসহ সামগ্রিক বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আজ সিদ্ধান্ত জানাবে।

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। এ অবস্থায় তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পুরোপুরি মেডিকেল বোর্ডের অনুমোদনের ওপর নির্ভর করছে।

মেডিকেল বোর্ডের বৈঠক শেষে রোগীর সর্বশেষ অবস্থা ও ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ।

বিদেশে যাবার সিদ্ধান্ত চুড়ান্ত হলে আজ বেলা সাড়ে ১১টার দিকে হাদিকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির সঙ্গে যাবেন, তাঁর বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। এখন পর্যন্ত ওসমান হাদির বড় দুই ভাই তাঁর সঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত। আর কেউ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।