সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

দুপুর ২টার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এই দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠকে বসেন। বিক্ষোভকারী বাকিরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন। বৈঠকের আগে সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে ডাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা একাত্মতা ও প্রতিবাদমুখর নানা স্লোগান দেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়ার কথা ছিল।

এর আগে রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি জানান, সোমবার দুপুর ১২টায় ডাকসু চত্বর থেকে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করা হবে।