দুটি পাতা, একটি কুঁড়ির আড়ালে চা ফুল

চা গাছের সবুজ গালিচায় মাঝে মাঝে ধবধবে সাদা ফুল ফুটে। ফুলের মাঝে থাকে হলুদ রেণু। ছোট হলেও আকৃতিতে এটি অনেকটা গন্ধরাজ ফুলের মতোই। তবে দুটি সবুজ পাতা কুঁড়ির আড়ালে থাকায় ফুলের সৌন্দর্য সহজেই চোখে পড়ে না। তবু এই ফুল নীরবে তার হালকা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে দেয়। মানুষ তা না বুঝলেও মৌমাছিরা সহজেই ভ্রান্ত হয় না। প্রথম দেখাতেই অনেকে চা ফুলের প্রেমে পড়ে।

চা ফুলের মৌসুম ডিসেম্বর থেকে জানুয়ারি। তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চা গাছের ডালে ডালে ফুলের দেখা মিলতে থাকে।

বয়স্ক চা গাছে এখন গুচ্ছ গুচ্ছ করে ধবধবে সাদা ফুল ফুটেছে। এ দৃশ্য মনে করিয়ে দেয় যেন গাছগুলো কানে সাদা মুক্তার দোল পড়েছে।

প্রকৃতিতে এই নান্দনিক নিদর্শন যে কারো ভালো লাগবে। কিন্তু অনেকেরই অজানা, চা গাছে ফুল ধরে। কমলগঞ্জে প্রকৃতি উপভোগ করতে আসা পর্যটকেরাও এই ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হন।

এত সুন্দর চা ফুল দেখে অনেকেই অবাক চোখে তাকিয়ে থাকে। কেউ কেউ আবার শখের বসে ফুল তুলে নিয়ে যান নিজের গৃহে।