সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হবে।
ডিবি সূত্র জানায়, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ ঢাকার উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন।
ওই অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু হলে তদন্তের অংশ হিসেবে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান।
এর আগে রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এ বিষয়ে মামলার অন্য আসামিদের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।