ঢাকা- ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ৩৯ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১২ ডিসেম্বর ঢাকায় হামলার পর রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সম্ভাব্য সীমান্ত রুটগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।
পরের দিন পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় ফিলিপ স্নাল নামের এক সন্দেহভাজনকে আটক করার চেষ্টা করা হয়, তবে তিনি ধরা পড়েননি। ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এছাড়া সোমবার ভোরে ফিলিপের আত্মীয় বেঞ্জামিন রিচান (৩০) কেও সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
কর্নেল মোস্তাফিজুর বলেন, ফিলিপকে আটক করা গেলে হামলার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য, সীমান্ত পার হওয়ার ঘটনা এবং অপরপারের সঙ্গে যোগাযোগ ও লেনদেনের বিষয়গুলো নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।