চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) ড. শামীম উদ্দিন খানের বিতর্কিত মন্তব্যের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘স্বাধীন দেশে একজন উপ-উপাচার্য কিভাবে এমন কথা বলতে পারে। এর জবাবদিহি করতেই হবে। নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগই আমাদের একমাত্র দাবি না হলে আরও কঠোর কর্মসূচি আসছে।’
চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, ‘গতকাল জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আমরা আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। তিনি অতিসত্বর নিঃশর্ত ক্ষমা না চাইলে আমরা তার পদত্যাগ দাবি অব্যাহত রাখব।’
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, ‘গতকাল যে বিস্ফোরক মন্তব্য আমরা শুনেছি, তার মাধ্যমে রাজাকারদের পক্ষে বয়ান তৈরির চেষ্টা করা হয়েছে। এটি ঘৃণ্য ও লজ্জাজনক। গতকালের বিক্ষোভ সমাবেশের ধারাবাহিকতায় আজ প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে।’
নারী অঙ্গনের প্রতিনিধি সুমাইয়া সিকদার বলেন, ‘গতকাল প্রো-ভিসি শামীম স্যারের বক্তব্যের আমরা নিন্দা জানাই। একজন শিক্ষাবিদ হিসেবে এ ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয়। এতে মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের হেয় করা হয়েছে। আমরা তার পদত্যাগ চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন স্পর্ধা দেখাতে না পারে।’