নাহিদ ইসলাম

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির দায়িত্বে থাকার অধিকার নাই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হাদির ওপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ—এই বার্তা দিতেই আজকের এই সমাবেশ।’

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। তারা গুম-খুন করেছে দক্ষতার সঙ্গে, কিন্তু এখন খুনিকে ধরতে পারে না। ডিপস্টেট নিয়ে কথা বলতে হবে। ১৯৭১ সাল থেকে প্রতিরোধ শুরু হয়েছিল, এখনও চলছে। কাল উৎসব নয়, প্রতিরোধ যাত্রা করব।

ভারত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারত যদি মনে করে আগের মতো হস্তক্ষেপ করবে বা নির্বাচনে কারচুপি করবে, সেটি ভুল প্রমাণ করা হবে। ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল—এটি মাথায় রাখতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক বজায় রাখতে হবে।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।