হাতির সামনে ভিডিও বানাতে গিয়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বালিজুড়িতে বন্য হাতির পালের সামনে ভিডিও কন্টেন্ট তৈরি করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবক মারা গেছেন।

১৫ ডিসেম্বর সোমবার সন্ধার আগ মুহুর্তে উপজেলার বালিজুড়ি রেঞ্জের মালাকুচা এলাকার জঙ্গলে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন (৩২) পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা ও বন বিভাগ সূত্রে জানাযায়, শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের মালাকুচা পাহাড়ে দুই সপ্তাহ ধরে প্রায় ৫০টি বন্য হাতির পাল অবস্থান করছে। এ পালে প্রায় আটটির মতো শাবকও রয়েছে। 

বিকেলে ফারুক হোসেন সহ উৎসুক জনতা বন্য হাতি দেখতে ওই পাহাড়ি এলাকায় যায়। এবং হাতির পালের সামনে ফারুক  ভিডিও কন্টেন্ট তৈরি করতে থাকেন। এ সময় একটি হাতি  পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে।  স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের লোকজন ফারুককে উদ্ধার করে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, অনেকেই অতি উৎসাহি হয়ে বনের ভিতরে হাতিকে বিরক্ত  করে। ভিডিও কন্টেন্ট, টিকটক রিলস তৈরী যা হাতির জন্য তীব্র বিরক্তির কারণ।  এতে হাতি ক্ষিপ্ত হয়ে যায়।

বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, উপজেলার সীমান্ত এলাকায় ৫০টি বন্য হাতির একটি পাল অবস্থান করছে। বিকেলে হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।