দক্ষিণখানে ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণখানে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত পৌনে নয়টার দিকে আশকোনার নন্দীপাড়া তালতলা এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম শাহজাহান ডিলার। তিনি ইন্টারনেট সংযোগ ও ভূমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত শাহজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। 

একপর্যায়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। চাপাতির কোপের আঘাতে তার মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। 

বর্তমানে লাশ ঘটনাস্থলে রয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হবে।