গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান

‘পুনর্বাসন করায় গুপ্তহত্যা শুরু করেছে আ. লীগের দুর্বৃত্তরা’

পুনর্বাসন করায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, গত ১৬ মাসে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যার ফলাফল আমরা দেখলাম। আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে তাদের দুর্বৃত্তরা আজকে গুপ্তহত্যা শুরু করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণ অধিকার পরিষদের এই নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, চলাফেরার নিরাপত্তা থাকবে, মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি। বিশেষ করে ১৪, ১৮ ও ২৪ সালের ভোটের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।

রাশেদ খান বলেন, এই কারণেই কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে। দুই হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছের। তাই আমরা এ ধরনের অতীতে আর ফিরে যেতে চাই না। আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করতে হবে।

তিনি বলেন, আমরা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সেই নতুন রাষ্ট্র যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার থাকবে, সেটি আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি।

আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ফ্যাসিবাদমুক্ত হতে হবে উল্লেখ করে রাশেদ খান বলেন, এই যে আওয়ামীলীগ দেশে অরাজকতা সৃষ্টি করছে একই সঙ্গে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে এর সঙ্গে ভারতের এক ধরনের যোগসাজশ রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে। ওসমান হাদি ভাইকে গুলি করার ঘটনাটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম অসংখ্য ঘটনা আওয়ামীলীগ ঘটনোর চেষ্টা করছে।