চবি ক্যাম্পাসে শিবির ধর-জবাই কর স্লোগান দিলেন যুবদল নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্টে বসে 'ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর' স্লোগান দিয়েছেন হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম। 

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট অবস্থান নিয়ে এ স্লোগান দেন তিনি। 

মূলত চবি উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থান নেন। এরই প্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্টে অবস্থান নেন জিএম সাইফুল ইসলাম। এ সময় তার নেতৃত্ব 'শিবির ধর জবাই কর' স্লোগান দেওয়া হয়।

জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর—এই স্লোগান একসময় দিত ছাত্রলীগ। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর এসব স্লোগানের পুনরাবৃত্তি হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল, যুবদল এবং বহিরাগত যে সন্ত্রাসীরা এসেছে, তারা আবার একই স্লোগান দিচ্ছে। ছাত্রলীগের সেই নেতাকর্মীদের ছাত্রদল-যুবদল বিএনপির মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে এবং আগামীতে তারা সন্ত্রাসী কায়দায় ক্যাম্পাস দখলের পাঁয়তারা হিসেবে এই স্লোগান সামনে এনেছে। 

স্লোগানের বিষয়ে জানতে চেয়ে হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।