ফটিকছড়িতে চিকা মারতে গিয়ে ৩ যুবলীগ নেতা আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে দিনে দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে চিকা মারার সময় তিন যুবলীগ নেতাকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় সোমবার (১৫ ডিসেম্বর) ওই তিনজনকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাদের আটক করে।

আটকরা হলেন ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. তারেক হোসেন, মো. আকরাম ও মোহাম্মদ বেলাল।

এ বিষয়ে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাউছিয়া কমিটি, তালিমুদ্দীন মাদরাসা ও উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক ও সাধারণ জনগণ তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, আটকদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগের দিন আরও দুইজন আওয়ামী লীগ নেতাকে আটক করে আদালতে পাঠানো হয়।