বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো ১৬ ডিসেম্বর। বাঙালির এই উৎসবের দিন মহান বিজয় দিবসে সারা দেশেই পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। পিছিয়ে নেই বিটিভিসহ দেশের প্রায় সব বেসরকারি টিভি স্টেশন। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাজিয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।সকাল সাড়ে ৬টায় ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। ছোটদের জন্য সকাল ৯টায় প্রচারিত হয় শিশুতোষ অনুষ্ঠান, যা আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেয় দেশপ্রেম ও বিজয়ের গল্প।
সকাল ১০টায় প্রচারিত হয় নৃত্যানুষ্ঠান ‘বিজয় পতাকা’। কবিরুল ইসলাম রতন, ফারহানা চৌধুরী বেবী ও শাহানুর খান রিপনের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন ফারহানা চৌধুরী বেবী, সিনথিয়া ইয়াসমিন, শাওন শান, সাব্রিনা শাফি নিসা, জিনিয়া জোছনা ও আব্দুর রশিদ স্বপন। বেলা ১১টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে বিটিভি। দুপুর সাড়ে ১২টায় ছিল কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর আড়াইটায় রয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।
বিকেল ৫টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারিত হবে বিকেল সাড়ে ৫টায়। এ অনুষ্ঠানে গান গেয়েছেন রাজিব, অপু আমান, স্মরণ, শবনম প্রিয়াংকা, মেজবা বাপ্পি, পিয়াল হাসান, প্রিয়াংকা বিশ্বাস ও লাবণী আক্তার। সন্ধ্যা ৭টায় রয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান। রাত ৯টায় থাকছে বিশেষ নাটক ‘মানচিত্র’। যার গল্পে উঠে আসবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও মানুষের সংগ্রাম-আবেগ ও আত্মত্যাগ ও ভালোবাসার গল্প। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন সাব্বির আহমেদ, কাজী আসাদ, আইনুন নাহার পুতুল, বাবুল আহমেদ, আবদুর রহমান, উদয় খান, আমিরুল ইসলাম জনি, বি এম আজাদ, আসমা শিউলি ও হুমায়ূন কাবেরী। রাত ১১টায় প্রচারিত হবে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান।
মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন বিজয় দিবসে আয়োজন করেছে গান, সিনেমা, নাটকসহ নানা অনুষ্ঠান। সকাল ৭টা ৪৫মিনিটে প্রচারিত হয় মামুন আব্দুল্লাহর প্রযোজনায় দেশের গান ‘জন্মভ‚মি’। ৯টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচারিত হয় পুরনো দিনের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান মিউজিক অ্যালবাম। এতে প্রচার হবে মুক্তিযুদ্ধের চেতনার যত গান।
রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’। টিপু আলম মিলনের গল্পে আনন জামানের চিত্রনাট্যে, শুদ্ধমান চৈতনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ। এ ছাড়া প্রচারিত হবে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা। দুপুর আড়াইটায় দেখানো হবে আনোয়ার হোসেন, ববিতা, রাজ্জাক, সুজাতা, রোজী সামাদ প্রমুখ অভিনীত নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’।
আরেক স্যাটেলাইট টিভি স্টেশন চ্যানেল আইও সকাল থেকে প্রচার করছে দিনভর নানা অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাড়ি’ সিরিজের গল্পে ২১তম নাটক ‘ডাক্তার বাড়ি’। সাদিয়া ইসলাম মৌ, আহসান হাবিব নাসিম জুটির এ নাটকটি রাজু আলীমের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। মহান বিজয় দিবসকে ঘিরে ২০ বছরের বেশি সময় ধরে ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়ে আসছে ‘বাড়ি’ সিরিজের নাটক। এটি প্রচারিত হবে রাত ৭টা ৫০ মিনিটে।
অন্যান্য অনুষ্ঠানের মধ্যে সকাল সাড়ে ৭টায় চ্যানেলটি প্রচার করবে সকালের গান, সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চত্বর থেকে সরাসরি ‘হৃদয়ে লাল সবুজ বিজয়ের ৫৪ বছর’, বিকেল ৩টা ৫ মিনিটে তৌকীর আহমেদের সিনেমা ‘অজ্ঞাতনামা’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ইকোসাইড ১৯৭১’। এ অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন মুকিত মজুমদার বাবু।
দুরন্ত টিভিতে দুপুর ১২টায় প্রচারিত হয় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘লাল সবুজের বিজয়’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে দেশাত্মবোধক গান ও কবিতার সঙ্গে বিজয় দিবসের বিজয়গাঁথা বিভিন্ন কোরিওগ্রাফির মাধ্যমে পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন সুনিপুন বড়য়া, মেহজাবিন মৌশি ও কোরিওগ্রাফি পরিবেশন করেছেন সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা কালচারাল সেন্টার’-এর নৃত্যশিল্পীরা। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ‘আমাদের মুক্তির গান’।
অনুষ্ঠানটিতে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘুরতে আসা চার বন্ধুর দেখা হয়ে যায় ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র শিল্পী শাহীন সামাদের সঙ্গে। গল্পে গানে উঠে আসে ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’ নামক সংগঠনটির গড়ে ওঠার ইতিহাস। এ ছাড়া বিকেল ৪টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’ ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা ‘পাঠশালা’।