গজারিয়ায় ৩ আ. লীগ নেতা আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন  নেতাকে আটক করছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) মধ্য রাত থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোলায়মান ঢালী (৪৬), জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৪০) ও উপজেলা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক আবু কালাম হোসেন (৪৮)।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করে সন্ত্রাস ও নাশকতা মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে আটক স্বজনদের অভিযোগ, তাদের নামে কোনো মামলা ছিল না। শুধুমাত্র এক সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এই অপরাধেই তাদের আটক করা হয়েছে।