অধরা জাহানের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘অক্ষয় ইতিহাস’

আজ মহান বিজয় দিবসে বাংলাদেশ টেলিভিশনে রাত ১১টায় প্রচারিত হবে ‘অক্ষয় ইতিহাস; শিরোনামের বিশেষ একটি সংগীতানুষ্ঠান। গীতিকবি, উপস্থাপক অধরা জাহানের লেখা ভিন্ন ভিন্ন দশটি গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম, আগুন, আলম আরা মিনু, রাজিব, মুহিন, মারুফা তৃষ্ণা, সজিব,সুকন্যা, স্বরলিপি, রায়া,অনন্যা, মৌরি,লাবনী ও উজ্জ্বল। চার প্রজন্মের মেল বন্ধন হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে।  গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। 

অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন অধরা জাহান।  এই আয়োজন সম্পর্কে অধরা বলেন, বিটিভি আমার শিল্পী জীবনের আতুর ঘড়। প্রথম লাইট ক্যামেরা চিনেছি বিটিভির নতুন কুঁড়ির মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে ২০০৪ সালে। এর মাঝে অনেক কাজ হয়েছে। তবে এই কাজটি আমার শিল্পী জীবনের শ্রেষ্ঠ কাজের তালিকায় থাকবে।’ 

গায়িকা আলম আরা মিনু বলেন, ‘এই কাজের মধ্য দিয়ে সুরের প্রতি আমার দ্বায়বদ্ধতা শতগুণ বেড়ে গেছে। কারণ সব শিল্পীরাই বলছিলেন কথা-সুর মিলে গানগুলো অনেক বেশি ভালো হয়েছে। পরবর্তীতেও আবারও আমার সুরে গান গাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।’

সামিনা চৌধুরী বলেন, ‘এত মিষ্টি কথা ও সুরের গান গুলো গাইতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’ ফাহমিদা নবী বলেন, ‘আমার এটা ভেবেই ভালো লাগছে যে আমাদের দেশে নারী গীতিকার সুরকার দুই'ই এত সমৃদ্ধ হচ্ছে যে এত অসাধারণ একটা আয়োজন অধরা এবং মিনু দুজনে মিলে করে ফেলল। আমরা শিল্পীরাও আনন্দ নিয়ে গাইলাম।’ রুমানা ইসলাম বলেন ‘গানগুলো যে একেবারে নতুন গান- তা একেবারেই মনে হচ্ছে না, সব গানের কথা  ও সুর শুনে মনে হয় যেন অনেক পুরনো চেনা গান।’ 

রিজিয়া পারভীন বলেন, আমি অধরার কথায় মিনুর সুরে আরও অনেক গান করতে চাই। ওরা দুজনেই আমার খুব প্রিয়। ওদের কাজ সব সময় আমাকে মুগ্ধ করে।