মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়িতে স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে । মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পৌর টাউন হল প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
মূলত নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এমন উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলায় ২৭টি স্টল রয়েছে। যেখানে উদ্যোক্তারা নিজেদের তৈরি ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি, আচার, পোশাক ও নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।