এনসিপি নেতা

লন্ডন বা ভারত নয়, বাংলাদেশ চলবে দেশের মাটি থেকেই

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নরসিংদী-১ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে মানব না। আমরা পিন্ডিকে দূর করেছি একাত্তরে, ২৪ শে আমরা ভারতকে দূর করেছি। এখন আর ভারত গোনার সময় আমাদের নেই, ২৪ এর সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ফ্যাসিবাদ একটা সিস্টেম এটাকে আমাদের দূর করতে হবে। লন্ডন বা ভারত থেকে বাংলাদেশ চলবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকেই দেশ চালাবে।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীতে এনসিপির বিজয় র‌্যালি ও প্রতিরোধ যাত্রা শেষে পৌরসভার সামনে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে ও ৭২ সালে এক স্বৈরশাসক আমাদের মাথার ওপর চেপে বসেছিল। শেখ মুজিবুর রহমানের ভুল অর্থনৈতিক পলিসির কারণে ৭৪ সালে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই একই ভুল পলিসিতে ১৭ বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছে। আসলে এটা ভুল পলিসি না, এটা ভারতের ষড়যন্ত্র ছিল। বাংলাদেশ যাতে ওপরে না উঠতে পারে।

তিনি ভারতকে সতর্ক করে বলেন, আপনারা যদি জুলাই যোদ্ধাদের ওপর কোনও ধরনের হামলা করেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠা চলবে না। ভারত এখনও তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার ভাই হাদি এখনো হাসপাতালে, বাঁচবে কিনা তা জানি না। সে যদি মরে যায় তাহলে ভারতকে বলতে চাই তোমাদের সবচেয়ে বড় কোম্পানি ম্যারিকোকে বাংলাদেশের চলতে দেব না। বাংলাদেশে চলবে আমাদের দেশীয় পণ্যে।

এ সময় এনসিপির নরসিংদী জেলার সদস্য সচিব আওলাদ হোসেন জনিসহ জেলা ও মাধবদী থানার এনসিপি, ছাত্র শক্তি ও  যুব শক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নরসিংদী শহরের পৌরপার্ক থেকে বিজয়ের মাসে বিজয় র‌্যালি ও প্রতিরোধ যাত্রা শুরু করেন এনসিপির নেতৃবৃন্দ। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।