দিনাজপুরে ধান বোঝাই করা ট্রাকে আগুন 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটি অটো রাইস মিলের ভিতরে অবস্থান করা ধান বোঝাই করা একটি ট্রাকে আগুন লেগেছে। এই ঘটনায় ট্রাকে অবস্থান করা আবু সাঈদ (২২) নামে এক হেলপার দগ্ধ হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সোয়া ৫টায় বোচাগঞ্জ উপজেলার জহুরা ইন্ডাষ্ট্রিজের ১০নং মিলে এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ হেলপার আবু সাঈদ নাটোর জেলার সিংড়া থানার পুটিবাড়ী গ্রামের সাহাদাত হোসেনের ছেলে। চিকিৎসক জানিয়েছে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। 

জানা গেছে, সোমবার রাতে নাটোরের সিংড়া থানা থেকে ধান বোঝাই করে একটি ট্রাক মিলে আসে। পরে মিলের ভিতরে একপাশে গাড়ীটি পার্কিং করে চালক মিজানুর রহমান ও হেলপার আবু সাঈদ ট্রাকের কেবিনে ঘুমিয়ে পড়ে। ভোর সোয়া ৫টার সময় আকস্মিকভাবে গাড়ীর কেবিনে আগুন ধরে যায়। এ সময় চালক মিজানুর রহমান গাড়ী থেকে বের হতে পারলেও হেলপার আবু সাঈদ গাড়ীর কেবিনের ভিতরে আটকে যায়। পরে খবর পেয়ে ফায়া সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হেলপার আবু সাঈদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। 

সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, আমরা ট্রিপল লাইনের মাধ্যমে ভোর ৫টা ৩৪ মিনিট সময়ে জহুরাতে আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি জহুরা অটোর ১০নং মিল সংলগ্ন নাটোর সিংড়া থেকে আসা ১০ চাকার একটি ধান বোঝাই ট্রাকে আগুন দেখতে পাই। আগুন নির্বাপণ করার পাশাপাশি অগ্নিদগ্ধ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে হাসপাতালে প্রেরণ করি। ড্রাইভার স্বাভাবিক থাকলেও হেলপারের অবস্থা আশংকা জনক। তার শরীরের ৯০ শতাংশ ঝলসে গেছে। ট্রাকের ড্রাইভার জানিয়েছেন ওয়ারিং এর তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।