মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ হতে যাওয়া বিলম্বিত কর্মসংস্থান প্রতিবেদনে শ্রমবাজারের গতি কমে আসার আভাস মিলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেশটির শ্রম দপ্তর নভেম্বর মাসের স্থগিত চাকরির প্রতিবেদন এবং অক্টোবরের আংশিক হালনাগাদ তথ্য প্রকাশ করবে।
অর্থনীতিবিদদের মতে, নভেম্বর মাসে সীমিত পরিসরে কর্মসংস্থান বাড়তে পারে। তবে এর আগের মাস অক্টোবরে ফেডারেল সরকারের ব্যয়সংকোচনের প্রভাবে চাকরির সংখ্যা হ্রাস পাওয়ার সম্ভাবনাই বেশি। ৪৩ দিনব্যাপী মার্কিন সরকার শাটডাউনের কারণে তথ্য সংগ্রহ ব্যাহত হওয়ায় এবারের প্রতিবেদনে বেকারত্বের হারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচক অন্তর্ভুক্ত করা হয়নি।
পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে নন-ফার্ম পে-রোলে প্রায় ৫০ হাজার নতুন চাকরি যোগ হতে পারে। অন্যদিকে অক্টোবরে ট্রাম্প প্রশাসনের ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে দেড় লাখের বেশি ফেডারেল কর্মী স্বেচ্ছা অবসর বা বায়আউট গ্রহণ করায় সরকারি পে-রোলে বড় ধরনের কাটছাঁট হয়েছে। কিছু আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে, ওই মাসে চাকরি কমতে পারে এক লাখ পর্যন্ত।
বিশ্লেষকদের ভাষ্য, এসব তথ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া শ্রমবাজারের চিত্র তুলে ধরছে। তবে এটি মন্দার মতো পরিস্থিতি নয়। প্রতিষ্ঠানগুলো ব্যাপক কর্মী ছাঁটাই না করে বরং নতুন নিয়োগে সতর্কতা অবলম্বন করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ আমদানি শুল্কে পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তা ব্যয় কমছে, যা ব্যবসায়িক আস্থাকেও প্রভাবিত করছে।