পুত্রের হাতেই স্ত্রীসহ খুন রব রাইনার!

প্রখ্যাত মার্কিন অভিনেতা ও পরিচালক রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তাদেরই ছেলে নিক রাইনার। লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকায় রোববার তাদের মরদেহ উদ্ধার হওয়ার পর  নিক রাইনারকে হত্যার অভিযোগে আটক করে পুলিশ।

 সংবাদ সংস্থা এএফপির খবরে জানানো হয়, ১৪ ডিসেম্বর সকালে নিজ বাসা থেকে ৭৮ বছর বয়সী রব রাইনার ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন হিসেবে তাদের ৩২ বছর বয়সী ছেলে নিক রাইনারকে আটক করে পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল সাংবাদিকদের জানান, ‘সারা রাত ধরে তদন্ত চালিয়ে আমরা নিক রাইনারকে হেফাজতে নিতে সক্ষম হয়েছি। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং চার মিলিয়ন ডলার জামিনে তাকে আটক রাখা হয়েছে।’ 

লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় একটি পার্টিতে নিক রাইনারের সঙ্গে তার বাবা-মায়ের তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। অতীতে মাদকাসক্তিসহ নানা সমস্যায় ভুগছিলেন নিক, এমন তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে।