রাজধানীতে শেষ হলো তিনদিনের ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ), যেখানে আনন্দ, সৃজনশীলতা ও সিনেমা নিয়ে উৎসবের আমেজ ছিল।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের অধীনে এটি একটি আউটরিচ প্রোগ্রাম।
শনিবার থেকে শুরু হয়ে সোমবার শেষ হওয়া প্রাণবন্ত এই আয়োজনে তারকাদের উপস্থিতিতে দর্শনার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এক্সক্লুসিভ ‘সিনেমাঘর’ সেশন, যেখানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। শেষ দিনে প্রদর্শিত হয় চলচ্চিত্র “নূর”।
সেখানে আলোচনা পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী, সহযোগী প্রযোজক ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ এবং রাফায়েল আহসান। এছাড়া প্রথম দুই দিনে “দেলুপি” ও “বাড়ির নাম শাহানা” সহ বিভিন্ন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে চলচ্চিত্র নির্মাণ ও গল্প বলার নানা দিক নিয়ে মূল্যবান ধারণা প্রদান করা হয়, যা তরুণ দর্শক ও আগ্রহী সৃজনশীলদের অনুপ্রাণিত করে।
কার্নিভালে ৪০টিরও বেশি স্টল অংশগ্রহণ করে, যেখানে গয়না, সুগন্ধি, খাবার, পোশাক, হোম ডেকর সামগ্রী, মেকআপ ও মেহেদিসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।
রঙিন সাজসজ্জা এবং শিক্ষার্থী ও দর্শনার্থীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ জুড়ে এক প্রাণচঞ্চল ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
দর্শনার্থীদের জন্য ছিল নানান ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বেলুন শ্যুটার, নাগরদোলা, ঘুরানো ছবি (৩৬০ ডিগ্রি রোটেশন) এবং গানের আসর।
আয়োজকরা জানান, কার্নিভালের সফল সমাপ্তি শিক্ষার্থী ও উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে চলচ্চিত্র সংস্কৃতি, সৃজনশীলতা এবং শিল্প-সংশ্লিষ্ট অংশগ্রহণকে উৎসাহিত করার ক্ষেত্রে ডিআইএমএফএফ-এর অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।