যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে ক্যাম্পাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউসিটিসির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মোহাম্মদ ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্ট্রোলার অব এক্সামিনেশন ড. মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ এবং ফাইন্যান্স ডিরেক্টর আব্দুল কাদের তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জামাম-উল-হক ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং অভিমান ঘোষ দাস্তিদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্পোরেট অফিসার মো. ইসমাইল বিন আজিজ।
আলোচনা সভা শেষে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক এহসানুল্লাহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতিসত্তার সর্বশ্রেষ্ঠ অর্জন। এই অর্জন ভবিষ্যতেও জাতিকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। তাঁরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৃষ্টিশীল, জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তি-সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।