মাগুরায় মহান বিজয় দিবস উৎসব আমেজে উদযাপিত হয়েছে। এই দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শহরের নোমানি ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা।
বিকালে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুলাহ আল মাহমুদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান এবং সিভিল সার্জন ডাক্তার শামীম কবির।
বিজয় মেলায় ৩০টি স্টল দেওয়া হয়েছে। মেলাকে কেন্দ্র করে প্রতিটা স্টলে বাঙ্গালির চিরায়ত বাহারি পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
মেলাকে আরও প্রাণবন্ত করতে জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছে বিভিন্ন উদ্যোক্তা। তাদের তৈরি বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী মেলায় আসা দর্শণার্থীদের আকৃষ্ট করেছে। বিশেষ করে কুলিপিঠা, চিতইপিঠা, ভাপাপিঠা, পাটিসাপটা, দুধকুলি, পাকানপিঠায় মজেছেন মানুষ।
এছাড়া মেলায় দেশীয় শাড়ি, মাটিরপাত্র, গুড়, পাটালিসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের স্টল এবং জেলা স্কাউটসের স্টলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়।
এর আগে সকালে নোমানি ময়দানে শহীদ বেদীতে পুষ্পর্ঘ অর্পণ করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সকাল ৯টায় মাগুরা জেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ডিসপ্লে ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।