নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার করিমপুর রেলগেট সংলগ্ন এলাকায় রাজশাহী অভিমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই ব্যক্তি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাকে ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দযারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন এর দমকলকর্মী বাবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রিতা রানী জানান, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার মাথা ও কোমরে গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও দুর্ঘটনায় তার একটি পায়ের একাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ব্যক্তি তার পরিচয় সঠিকভাবে জানাতে পারছেন না। কখনও নিজের নাম বেলাল, আবার কখনও দেলোয়ার বলে উল্লেখ করছেন।তবে তিনি ধারণা করছেন আহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন।