আইপিএল নিলামে রেকর্ড মোস্তাফিজের

আবুধাবিতে গতকাল অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মিনি নিলাম। নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে পেতে প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য তাদের সঙ্গে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। এক পর্যায়ে দিল্লি হাল ছেড়ে দেয়। তখন বিড করা শুরু করে কলকাতা নাইট রাইডার্স। কাটার মাস্টার মোস্তাফিজকে পেতে লড়াই চালিয়ে যায় চেন্নাই ও কলকাতা। শেষ পর্যন্ত ফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

এর আগে ২০০৯ সালে মাশরাফী বিন মোর্ত্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার-রুপির বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি। আইপিএলে এ নিয়ে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। আইপিএলের সবশেষ আসরে দিল্লিতে বদলি ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। ৩ ম্যাচ খেলে দল বাদ পড়ায় তাকে আর আসরটিতে দেখা যায়নি। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন ফিজ।

মোস্তাফিজের পর বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদকেও তোলা হয়েছিল নিলামে। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তবে তাসকিনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

এদিকে নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলেও তাকে দলে ভেড়াতে চেয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভেড়ায় কলকাতা। যদিও পারিশ্রমিক হিসেবে গ্রিন পাবেন ১৮ কোটি। আইপিএলের বিচিত্র নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ক্রিকেটার ১৮ কোটির বেশি পাবেন না। বাকি অর্থ খরচ করা হবে ক্রিকেটারদের উন্নতিতে।