ব্যাটিং ধসের পর দুর্দান্ত অস্ট্রেলিয়া; অ্যালেক্স ক্যারির সেঞ্চুরি

অ্যাডিলেডে দলীয় স্কোর একশ পেরোনোর আগে তিন উইকেট হারিয়ে মহাবিপদেই পড়েছিল অস্ট্রেলিয়া। এমনিতেই হঠাৎ অসুস্থতায় দলে নেই স্টিভেন স্মিথ, তার ওপর টপ অর্ডারের এই ব্যর্থতায় স্বাগতিকদের অল্প রানেই গুটিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে বাদ সাধলেন উসমান খাজা এবং অ্যালেক্স ক্যারি। দুজনের দারুণ ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩২৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

আজ বুধবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। হঠাৎ ভার্টিগোজনিত সমস্যায় ম্যাচের আগমুহূর্তে ছিটকে যান স্টিভেন স্মিথ। তার জায়গায় দলে এসে উসমান খাজা খেলেন ১২৬ বলে ১০ চারে ৮২ রানের ইনিংস। এর আগে ট্রাভিস হেড ১০, জ্যাক ওয়েদারল্যাড ১৮ এবং মার্নাস লাবুশানে ১৯ রানে ফেরেন। সদ্য আইপিএল নিলামে বিপুল দামে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া ক্যামেরন গ্রিন এদিন ‘ডাক’ মারেন।

ছয় নম্বরে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন অ্যালেক্স ক্যারি। ১৩৫ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। তার ১৪৩ বলে ১০৬ রানের ইনিংসে ছিল ৮টি চার এবং একটি ছক্কার মার। উসমান খাজা, জস ইংলিশ (৩২) এবং মিচেল স্টার্কের (৩৩*) সঙ্গে তিনটি পঞ্চাশোর্ধ জুটি উপহার দেন ক্যারি। দিনশেষে স্টার্কের সঙ্গী হয়ে নাথান লায়ন অপরাজিত থাকেন ১০ বলে ০ রানে। ইংল্যান্ডের জোফরা আর্চার নেন ২৯ রানে ৩ উইকেট।