বিএনপি প্রার্থীর সরে যাওয়া প্রসঙ্গে

নির্বাচনে অংশ নেয়া ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ–৫ (সদর ও বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নিরাপত্তা ইস্যুতে নির্বাচন থেকে সরে যাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন করবে কি করবে না- এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের বলার মতো কিছু নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে বিকেএমইএ’র পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪–এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা একটি বড় বিষয়। এখানে অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন। কেউ চাইলে নিরাপত্তা সংকটের কথা বলে নির্বাচন না করতেও পারেন। কেন কেউ নির্বাচন করবেন না- সে বিষয়টি সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে আসবে।

নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই, সাংবাদিকদের কাছ থেকেই তিনি প্রথম শুনেছেন।

শরিফ ওসমান হাদি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। দেশ ও জাতির জন্য তার অবদান উল্লেখযোগ্য। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে নিটওয়্যার খাত জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতের টেকসই উন্নয়নে নিরাপদ শিল্পাঞ্চল, স্থিতিশীল আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ভ্যান উপহার দিয়ে বিকেএমইএ সেই সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয়ের ফলে নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ অনেকাংশে নিরসন সম্ভব হয়েছে। শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষায় সবাই একসঙ্গে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বক্স চৌধুরী, শিল্প পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।