জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের এক সাবেক নেতার সঙ্গে সংগঠনের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
গত ১৬ ডিসেম্বর দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল শিকদার দীর্ঘদিন ধরে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করে আসছেন।
পাশাপাশি তিনি বিভিন্নভাবে জামায়াতের কার্যক্রমে সহযোগিতা ও প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থেকে বিএনপিবিরোধী তৎপরতায় লিপ্ত ছিলেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, গত ১৫ ডিসেম্বর বিএনপির আয়োজিত একটি মিলাদ মাহফিলে রবিউল শিকদারের নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে, যা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী।
এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপি মো. রবিউল শিকদারের সঙ্গে সকল সাংগঠনিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের যোগাযোগ ও সম্পর্ক পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।