যুক্তরাষ্ট্রে বাবাকে হত্যার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শামবার্গে থ্যাংকসগিভিং ছুটির সময় নিজ বাড়িতে বাবাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিজিৎ প্যাটেলের (২৮) বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার মামলা করেছে কুক কাউন্টি প্রসিকিউটর অফিস।

প্রসিকিউটরদের সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর ঘুমন্ত অবস্থায় ৬৭ বছর বয়সী বাবা অনুপম প্যাটেলকে হাতুড়ি দিয়ে একাধিকবার মাথায় আঘাত করেন তার ছেলে অভিজিৎ। পরে নিহতের বিছানার পাশ থেকে হাতুড়িটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে খুলিভাঙা ও নাক ভাঙাসহ গুরুতর মাথার আঘাতে অনুপম প্যাটেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।  

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিজিৎ প্যাটেল কোনো বাধা ছাড়াই আত্মসমর্পণ করেন। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে বলেন, এটি তার ‘ধর্মীয় দায়িত্ব’। একই সঙ্গে তিনি দাবি করেন, শৈশবে তার বাবা তাকে যৌন নিপীড়ন করেছিলেন। তবে প্রসিকিউটররা জানান, চিকিৎসকদের মতে এসব দাবি বিভ্রমপ্রসূত। আদালতের নথি অনুযায়ী, অভিজিৎ প্যাটেল স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং অতীতে একাধিকবার মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। তার আচরণ নিয়ে আগেও উদ্বেগ দেখা দিয়েছিল; হুমকিমূলক মন্তব্যের কারণে তাকে একসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।

ঘটনার সময় অনুপম প্যাটেলের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করে দেওয়া একটি সক্রিয় সুরক্ষা আদেশ (অর্ডার অব প্রোটেকশন) কার্যকর ছিল। তবে সে সত্ত্বেও অভিজিৎ বাবা-মায়ের সঙ্গেই বসবাস করছিলেন। আদালত অভিজিৎ প্যাটেলকে জামিন ছাড়াই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং তার মায়ের সঙ্গে যোগাযোগেও নিষেধাজ্ঞা জারি করেছেন। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৯ ডিসেম্বর।