ইউরোপ চ্যাম্পিয়নের সঙ্গে মৌসুমের ৭৭তম ম্যাচ খেলতে নামছে ব্রাজিলের ফ্লামেঙ্গো

কাতারের দোহায় রাতে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) ও দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব ব্রাজিলের ফ্লামেঙ্গো। প্রথমবারের মতো এই শিরোপা জয়ের হাতছানি পিএসজির সামনে, আর ফ্লামেঙ্গো চাইছে দ্বিতীয়বার ট্রফি জিততে।

বাংলাদেশ সময় রাত ১১টায় দোহার আল রাইয়ানে শুরু ম্যাচটি দেখা যাবে ফিফা প্লাস টিভি চ্যানেলে। 

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় বছরের শেষটা আরও রাঙাতে চায় ফরাসি জায়ান্টরা। উল্লেখ্য, ২০০৪ সাল পর্যন্ত ৪০ বছরের বেশি সময় ধরে খেলা হওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপ—যা পরে ক্লাব বিশ্বকাপ নামে পরিচিত হয়—এখনো পর্যন্ত কোনো ফরাসি ক্লাব জিততে পারেনি।

ফিফা গত বছর ক্লাব বিশ্বকাপকে ৩২ দলের গ্রীষ্মকালীন টুর্নামেন্টে রূপান্তর করার পর আবার ফিরিয়ে আনে ইন্টারকন্টিনেন্টাল কাপ। ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ায় পিএসজি সরাসরি ফাইনালে খেলছে। অন্যদিকে ফ্লামেঙ্গো শিরোপা লড়াইয়ে পৌঁছাতে ১০ ও ১৩ ডিসেম্বর মেক্সিকোর ক্রুজ আজুল ও মিসরের পিরামিডসকে হারিয়েছে।

মঙ্গলবার ফিফা দ্য বেস্টে বর্ষসেরা কোচের পুরস্কার পাওয়া পিএসজি কোচ লুইস এনরিকে ফাইনালের আগের দিন বলেছেন, 'গত মৌসুমে যা দেখেছি, সেটার ওপর ভিত্তি করে আরও এগোতেই আমার মনোযোগ। ইতিহাস গড়া ছিল আমাদের লক্ষ্য, আর আমরা সেই ইতিহাস গড়া চালিয়ে যেতে চাই। প্রতিটি ফাইনাল আলাদা। ফ্লামেঙ্গো খুব ভালো দল, ম্যাচটা কঠিন ও হাড্ডাহাড্ডি হবে।”

এর আগে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরেছিল পিএসজি। তবে মে মাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্মৃতি এখনও টাটকা।

অন্যদিকে, ১৯৮১ সালে লিভারপুলকে হারিয়ে একবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল ফ্লামেঙ্গো—সেই দলে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি জিকো ও জুনিয়র। এবার তারা চাইছে দারুণ একটি বছর শিরোপা দিয়ে শেষ করতে। চলতি বছরে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান লিগ—দুটিই জিতেছে ফ্লামেঙ্গো।

দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো সাধারণত এই টুর্নামেন্টকে ইউরোপীয় ক্লাবগুলোর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তবে পিএসজিও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি। কাতার সফরের কথা মাথায় রেখে তারা শনিবার মেতজের বিপক্ষে ৩–২ গোলে লিগ জয়ের ম্যাচে কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দেয়। ইনজুরির কারণে কাতার সফরে যাননি ডানপ্রান্তের ডিফেন্ডার আশরাফ হাকিমি।

ফ্লামেঙ্গোর অভিজ্ঞ লেফটব্যাক আলেক্স সান্দ্রো বলেন, “আমরা জানি পিএসজি কতটা শক্তিশালী, তারা ফেভারিট। কিন্তু তাতে আমাদের আত্মবিশ্বাস কমছে না। এই ম্যাচ আমাদের জন্য বিশেষ। মাঠের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ, বলের প্রতিটি স্পর্শ আমরা উপভোগ করব—যেন সেটাই শেষ।”

মৌসুমের ৭৭তম ম্যাচ খেলতে নামছে ফ্লামেঙ্গো

পিএসজির বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালটি ফ্লামেঙ্গোর জন্য আসছে ভীষণ ব্যস্ত সূচির মাঝেই। ২৯ নভেম্বর পালমেইরাসকে হারানোর পর থেকে ব্রাজিলিয়ান জায়ান্ট ‘ও ফ্লা’ খেলেছে দুটি ব্রাজিলিয়ান সিরি আ ম্যাচ এবং দুটি ফিফা চ্যালেঞ্জার কাপের ম্যাচ। ফলে পিএসজির মুখোমুখি হওয়ার সময় মাত্র ১৮ দিনের ব্যবধানে এটি হবে তাদের পঞ্চম ম্যাচ।

সব মিলিয়ে এটি ফ্লামেঙ্গোর চলতি মৌসুমের ৭৭তম ম্যাচ। তুলনায়, আগস্টে ২০২৫–২৬ মৌসুম শুরু হওয়ার পর থেকে পিএসজি খেলেছে মাত্র ২২টি ম্যাচ। এত অল্প সময়ের মধ্যে এত বেশি ম্যাচ খেলা—এই তথাকথিত ‘গ্ল্যামারাস’ ফাইনালের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলেই মনে করা হচ্ছে।

তবে ব্যস্ততার মাঝেও ফ্লামেঙ্গোর আত্মবিশ্বাসের বড় কারণ তাদের স্মরণীয় মৌসুম। চলতি বছরে তারা জিতেছে ব্রাজিলিয়ান সিরি আ শিরোপা, সঙ্গে কোপা লিবের্তাদোরেস। ইতিহাসে মাত্র চতুর্থবার কোনো ব্রাজিলিয়ান ক্লাব লিগ ও লিবের্তাদোরেস—দুটোই একই মৌসুমে জয়ের কীর্তি গড়েছে। এই ‘ভিনটেজ’ মৌসুমের অভিজ্ঞতাই পিএসজির বিপক্ষে ফাইনালে ফ্লামেঙ্গোর বড় শক্তি হয়ে উঠতে পারে।