ইরানের হরমুজ দ্বীপের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পর সমুদ্রের পানি অস্বাভাবিক লাল রঙ ধারণ করেছে। ‘রেড বিচ’ নামে পরিচিত এই সৈকতের রক্তিম দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গালফ নিউজের সূত্রে জানা যায়, বিশেষজ্ঞদের মতে, এই রঙ পরিবর্তনের পেছনে কোনও রহস্যজনক বা জৈব কারণ নেই। দ্বীপটির লৌহসমৃদ্ধ খনিজ মাটি—স্থানীয়ভাবে পরিচিত ‘গোলাক’—বৃষ্টির পানিতে পাহাড়ি এলাকা থেকে ধুয়ে নেমে আসে এবং সমুদ্রে মিশে যায়। এর ফলে উপকূলের বালু ও সমুদ্রজল উজ্জ্বল লালচে রূপ নেয়।
হরমুজ দ্বীপের এই প্রাকৃতিক ঘটনা সব সময় দেখা যায় না। দ্বীপটি বহু রঙের শিলাস্তরের জন্য পরিচিত, যেখানে লাল ছাড়াও হলুদ, কমলা ও অন্যান্য বর্ণের খনিজ স্তর রয়েছে। ভূতত্ত্ববিদদের মতে, হাজার হাজার বছরের প্রাকৃতিক ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলেই এই বৈচিত্র্যময় রঙের সৃষ্টি হয়েছে।
এই বিরল দৃশ্য দেখতে দেশি-বিদেশি পর্যটকরা উপকূলে ভিড় করছেন। পাশাপাশি আলোকচিত্রী ও ভ্রমণ প্রেমীরা লালাভ সমুদ্রের ছবি ও ভিডিও ধারণ করে অনলাইনে শেয়ার করছেন, যা দ্রুত ভাইরাল হচ্ছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সমুদ্রের পানির এই লাল রঙ সম্পূর্ণভাবে খনিজ উপাদানের কারণে সৃষ্টি হয়েছে এবং এতে মানুষের স্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর কোনও উপাদান নেই।