নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মাগুরা জেলা কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ মুন্সী রেজাউল হক (৮৬) কে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার মুন্সীপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে একটি তদন্তাধীন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। রাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
তবে মুন্সী রেজাউল হকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি।
তিনি বলেন, ‘আমার বাবার বয়স ৮৬ বছর। তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার নামে কোনো মামলা নেই। ৫ আগস্টের পরেও তিনি বাড়িতেই ছিলেন, কোথাও পালিয়ে যাননি। এরপরও বিজয়ের মাসে একজন বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা মাগুরা পুলিশ প্রশাসনের অন্যায় আচরণ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’