মালয়েশিয়ায় দুর্বৃত্তের হাতে নিহত বড়াইগ্রামের কবির

সংসারে সুখের ছোঁয়া আর আর্থিক সচ্ছলতার আশায় মালয়েশিয়ায় গিয়েছিলেন কবির হোসেন (৪০)। কিন্তু সেখানেই কর্মরত অবস্থায় দুর্বৃত্তের হাতে লাশ হলেন তিনি। মালয়েশিয়ার চামানডাইয়া উতিরাম এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোরে বাড়িতে তার মৃত্যুর খবর এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত কবির নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর কইল্লীপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। স্ত্রী ও এক ছেলে রয়েছে তার।

জানা যায়, ২০১৮ সালে কাজের জন্য মালয়েশিয়ায় পাড়ি দেন কবির। এরপর সেখানে কেসিএল নামে এক কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ শুরু করেন। ৩ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল তার।  গত মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়। এরপর রাতে কারখানায় দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তরা হাত-পা ও মুখ বেঁধে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে। গতকাল ভোর ৪টার দিকে মালয়েশিয়া থেকে তার পরিচিত একজন ব্যক্তি পরিবারের কাছে তার মৃত্যুর সংবাদ জানান।

স্ত্রী শিউলি বেগম বলেন, রাত ৯টায় আমাকে তিনি ফোন করেন, কিন্তু আমার বুকে ব্যথায় বেশি কথা বলতে পারিনি।  আমার স্বামীকে কে মারল, এমন শক্র কে? আমি তার বিচার চাই। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, এমন সংবাদে আমরা খুবই শোকাহত। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন তার পরিবারের পাশে থাকবে।