ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় মূল আসামি গৃহকর্মী আয়েশা আক্তার ছয় দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আয়েশার জবানবন্দি রেকর্ড করেন। পাশাপাশি আসামি আয়েশাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এর আগে গত রবিবার গৃহকর্মী আয়েশা আক্তারের স্বামী রাব্বি তিন দিনের রিমান্ড শেষে এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
গত ৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরের এক বাসায় ৪৮ বছর বয়সী লায়লা আফরোজ এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে গলা কেটে খুন করা হয়। হত্যাকাণ্ডের পর ওইদিন রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন লায়লার স্বামী আজিজুল ইসলাম। এরপর ১০ ডিসেম্বর দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুপু শাশুড়ির বাড়ি থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন আয়েশাকে ছয় দিনের এবং তার স্বামী রাব্বিকে তিন দিনের রিমান্ডে পায় পুলিশ। ভবনের একাধিক সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে পুলিশ বলে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরে ওই বাসায় ঢোকে ২০ বছর বয়সী আয়েশা। আর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে নির্বিঘেœ বাসা থেকে বেরিয়ে যায়। ওই স্কুলড্রেসটি ছিল খুন হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার।