মানবতাবিরোধী অপরাধ

জয়ের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) দিতে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আসামি জয় মামলার শুরু থেকে পলাতক। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করে। এ মামলায় অন্য আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত ৪ ডিসেম্বর জয় ও পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন অভিযোগ আমলে নিয়ে জয়কে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-২-এর নতুন এজলাস উদ্বোধন করলেন প্রধান বিচারপতি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর নতুন ভবন ও এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল বিকেল ৩টার দিকে তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে উদ্বোধনের আনুষ্ঠানিকতায় অংশ নেন। পাশাপাশি ট্রাইব্যুনালের একটি লিফট উদ্বোধন করেন তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। প্রথমে একটি ট্রাইব্যুনালের পর আরেকটি ট্রাইব্যুনাল গঠন করলেও ট্রাইব্যুনাল-২-এ বিচারক কার্যক্রম হচ্ছিল ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অবস্থিত একটি টিনশেড এজলাসে।