আধুনিক ব্যাংকিং সেবাকে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে মধুমতি ব্যাংক পিএলসি তাদের উপশাখা কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর বাজারে, পাচ্চর উপশাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মধুমতি ব্যাংকের শিবচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলমাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ নুরে আলম, হেড অব কমন সার্ভিসেস ডিভিশন এস এম শাহিন ইকবাল, মধুমতি ব্যাংকের মিটফোর্ড শাখার ব্যবস্থাপক মো. লাইছুর রহমান, শিবচরের পাচ্চর উপশাখার ইনচার্জ পরেশ চন্দ্র সাহাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে আগত গ্রাহক শামীম হোসেন বলেন, ‘আমি দীর্ঘ ৩ বছর যাবত মধুমতি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করি, আধুনিক ব্যাংকের সব সুবিধা আমি পেয়েছি।’
আরেক গ্রাহক আলমাছ বলেন, ‘আমাদের পাচ্চরে আরও একটি ব্যাংকের শাখা হওয়ায় আমরা আনন্দিত। ব্যাংক থেকে আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকি। তবে ব্যাংক কর্মকর্তাদের প্রতি অনুরোধ তারা যেন গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার করেন।’
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আধুনিক ব্যাংকিংসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মধুমতি ব্যাংক উপশাখার চালু করছে।’ তিনি আরও বলেন, ২০১৩ সালে শুরু হওয়া মধুমতি ব্যাংক আজকে আপনাদের ভালোবাসা আর বিশ্বন্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’